কক্সবাজারে ঝিরি থেকে মৃত হাতি উদ্ধার

ত্রাণের চাল আত্মসাতের অভিযোগে দুদকের মামলা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে বনের ঝিরি থেকে একটি মৃত হাতি উদ্ধার করেছে বনকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যায় উত্তর বন বিভাগের ঈদগাঁও ভোমরিয়াঘোনা রেঞ্জের পুর্নগ্রাম বনবিটস্থ গামারি ঘোনা ঝিরি এলাকা থেকে ভাসমান অবস্থায় হাতির মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। বুধবার ঈদগাঁও ভোমরিয়াঘোনা রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, ময়নাতদন্তের পর হাতিটি কি কারণে মারা গেছে তা জানা যাবে।

ভোমরিয়াঘোনার এই রেঞ্জ কর্মকর্তা জানান, রেঞ্জের পুর্নগ্রাম বনবিটের ভেতরে প্রতিদিন হাতির পাল বিচরণ করে। চলতে গিয়ে হয়তো কোনো কারণে নিচে পড়ে মারা গেছে হাতিটি। হাতির শরীরের বিভিন্ন স্থানে আঁচড়ের দাগ রয়েছে। মনে হচ্ছে পড়ে যাবার সময় গাছের গুঁড়ি ও মাটির আঘাত পেয়েছে। তিনি আরো বলেন, মরদেহটি উদ্ধারের পর ভেটেনারি চিকিত্সক দিয়ে ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর রহস্য জানা যাবে। মারা যাওয়া হাতিটি মাদি হাতি। এটার বয়স আনুমানিক ৮-১০ বছর হতে পারে। কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. তহিদুল ইসলাম বলেন, মৃত হাতিটি উদ্ধারের পর ময়নাতদন্ত করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। কি কারণে হাতিটি মারা গেল তা বের করা গেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এদিকে স্থানীয় আবদুর শুক্কুর, রহিম উদ্দিন, আলি আজগর বলেন, হাতিটিকে হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে। এর আগেও একই এলাকায় গুলি করে বন্যহাতি মারার ঘটনা ঘটেছিল। এটিও হত্যার শিকার হয়েছে কি না, খতিয়ে দেখা দরকার বলে মন্তব্য করেন তারা।