পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু

ইত্তেফাক ডেস্ক

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। ইত্তেফাক সংবাদদাতাদের পাঠানো খবর।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) :সীতাকুণ্ডে বুধবার ভোরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক ও হেলপারের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, ট্রাকচালক মো. মাহবুর আলম (৩৫) ও হেলপার মো. হাবিব (২২)। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই জনের লাশ উদ্ধার করে বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালিহাতী (টাঙ্গাইল) :কালিহাতীতে বুধবার সকালে ট্রাকচাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সল্লাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. চাঁন মিয়া (৫০)। তিনি উপজেলার সল্লা ইউনিয়নের টেকপাড়া গ্রামের মরহুম জাকের মণ্ডলের ছেলে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইবুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কোটালীপাড়া (গোপালগঞ্জ) :সড়ক দুর্ঘটনায় কোটালীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নারায়ণ চন্দ্র দামের (৪৮) মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১০টায় মুন্সীগঞ্জের মাওয়া ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। নারায়ণ চন্দ্র দাম উপজেলার উনশিয়া গ্রামের নীল রতন দামের ছেলে। নারায়ণ চন্দ্র দামের মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস গভীর শোক প্রকাশ করেছেন।

কাউখালী (পিরোজপুর) :কাউখালীর আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এলাকায় মঙ্গলবার মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আরাফাত রহমান (২১)। সে উপজেলার আসপর্দ্দি গ্রামের মৃত আজিজুর রহমান খানের ছেলে।