দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে গেছেন সফিকুল হক

আশার প্রতিষ্ঠাতার স্মরণসভায় বক্তারা

ইত্তেফাক রিপোর্ট

আশার প্রতিষ্ঠাতা প্রয়াত মো. সফিকুল হক চৌধুরীর স্মরণে গতকাল বুধবার আশা কেন্দ্রীয় কার্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় মো. সফিকুল হক চৌধুরীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন দেশ ও বিদেশের বিশিষ্ট ব্যক্তি, অর্থনীতিবিদ, উন্নয়নকর্মী, ব্যাংকার, সরকারি কর্মকর্তাসহ প্রয়াত আশা প্রতিষ্ঠাতার অনুরাগী ও সহকর্মীবৃন্দ। বক্তারা বলেন, তিনি ছিলেন একজন বিরল ব্যক্তিত্বের মানুষ। দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে তিনি জীবনভর কাজ করে গেছেন। দারিদ্র্য বিমোচনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার প্রতিষ্ঠিত সংস্থা আশা, টেকসই ও ব্যয় সাশ্রয়ী ক্ষুদ্র ঋণ সেবা প্রদানে বিশ্ব জুড়ে মডেল হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। তার অবদান বাংলাদেশের উন্নয়নের ইতিহাসে একটি অনন্য মাইলফলক হিসেবে সব সময় বিবেচিত হবে।

স্মরণসভায় বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান, এমপি, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এম আবদুল আজিজ, সাবেক মুখ্য সচিব আব্দুল করিম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দীন আহমেদ ও ড. আতিউর রহমান, বিশ্বব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট প্রফুল প্যাটেল, ব্রিটেনের উন্নয়ন বিশেষজ্ঞ স্টুয়ার্ট রাদারফোর্ড, মাইক্রোক্রেডিট সামিট ক্যাম্পেইনের স্যাম ড্যালি হ্যারিস, আশা ইন্টারন্যাশনালের সিইও ডার্ক ব্রাউয়ার, ফিলিপাইনের কার্ড ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ড. আরিস আলিপ, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরউল্ল্যা চৌধুরী, আশা ইন্টারন্যাশনালের সিওও মো. এনামুল হক, সিডিএসএফের এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল আউয়াল, টিএমএসএসের নির্বাহী পরিচালক হোসনে আরা, ইউসেপের চেয়ারপারসন পারভিন মাহমুদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল।