বিকেএসপিতে নাসিরের অলরাউন্ড নৈপুণ্য

বঙ্গবন্ধু এনসিএল

স্পোর্টস রিপোর্টার

বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ডের তৃতীয় দিনে নাসির হোসেনের অলরাউন্ড নৈপুণ্যে ঢাকা বিভাগের বিপক্ষে লড়ছে রংপুর বিভাগ। গতকাল প্রথম স্তরের ম্যাচে বিকেএসপিতে ব্যাটিংয়ে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরির পর অফস্পিন করে ২১ রানে ৪ উইকেট নিয়েছেন নাসির।

আজ চতুর্থ ও শেষ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ২২৯ রান। গতকাল দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ২৬৪ রানের টার্গেটে খেলতে নেমে ২ উইকেটে ৩৫ রান তুলেছে রংপুর। আজ শেষ ৮ উইকেটে যে রান পাড়ি দেওয়া কঠিনই হবে রংপুরের জন্য। এর আগে প্রথম ইনিংসে দলটি ২৩০ রান করেছিল নাসিরের ১১৫ রানের ইনিংসে ভর করে। দ্বিতীয় ইনিংসে ঢাকা অলআউট হয়েছিল ১২৮ রানে। 

খুলনায় স্বাগতিকদের বিরুদ্ধে ফলোঅনে পড়েছিল সিলেট। প্রথম ইনিংসে ১৩৪ রানের পর গতকাল দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৫০ রান তুলেছে সিলেট। ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি করে জাকির হাসান ১১৮ রানে অপরাজিত আছেন। ৯ রানের লিড পেলেও সিলেট ম্যাচে ব্যাকফুটেই আছে।

রাজশাহীতে দ্বিতীয় স্তরের ম্যাচে জয়ের জন্য চট্টগ্রামের প্রয়োজন ৫ উইকেট। একইভাবে আজ শেষ দিনে ম্যাচ জিততে স্বাগতিকদের দরকার ১৩৬ রান। দ্বিতীয় ইনিংসে ২৮৩ রানের টার্গেটে খেলতে নামা রাজশাহী তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৪৭ রান তুলেছে। জুনায়েদ ৫১, ফরহাদ রেজা ১৪ রানে ব্যাট করছেন। চট্টগ্রামের দ্বিতীয় ইনিংস শেষ হয়েছিল ১৪৭ রানে।

বরিশালে স্বাগতিকদের বিরুদ্ধে সুবিধাজনক অবস্থানে আছে ঢাকা মেট্রো। মার্শাল আইয়ুবের পর গতকাল শহীদুল ইসলামের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ঢাকা মেট্রো প্রথম ইনিংসে ৪১৩ রান করেছে। শহীদুল ১০৬ রান করেন। গতকাল দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ১৭৭ রান তুলেছে বরিশাল। ৫ রানে এগিয়ে থাকলেও হার এড়ানো কঠিনই হবে বরিশালের জন্য।