জাহাজ আটকে বন্ধ হয়ে গেছে সুয়েজ খাল

বিবিসি

মিশরের সুয়েজ খালে বিশাল একটি মালবাহী জাহাজ আড়াআড়ি আটকা পড়ায় বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথটি বন্ধ হয়ে গেছে। 

৪০০ মিটার লম্বা ও ৫৯ মিটার প্রশস্ত, ২ লাখ ২০ হাজার টন ধারণক্ষমতাসম্পন্ন জাহাজটি উত্তরদিকে ভূমধ্যসাগরের দিকে এগিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরে গিয়ে সংকীর্ণ খালটিতে আটকে যায়। এতে ঐ এলাকায় মালবাহী জাহাজগুলোর জট তৈরি হয়।

‘এমভি এভার গিভেন’ নামের এই জাহাজটিকে সরিয়ে নিতে সহায়তা করার জন্য অনেক টাগ বোট কাজে লাগানো হয়েছে। কিন্তু এটিকে সরাতে কয়েকদিন লেগে যেতে পারে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটের দিকে সুয়েজ বন্দরের খানিকটা উত্তরে ঘটনাটি ঘটে। পানামায় রেজিস্ট্রিকৃত এভার গিভেন চীন থেকে মালবাহী কন্টেইনার নিয়ে নেদারল্যান্ডের বন্দর শহর রোটেরডামে যাচ্ছিল। প্রযুক্তিগত ব্যর্থতার কারণে জাহাজটি আটকা পড়েছে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।