শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে অপেক্ষায় জাতি
ইত্তেফাক রিপোর্ট
আগামী ২৬ শে মার্চ শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ইতিমধ্যে পুরো স্মৃতিসৌধ এলাকা ধুয়ে মুছে রং তুলির আঁচড়ে সাজিয়ে তোলা হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। করোনার কারণে জাতীয় স্মৃতিসৌধে সব ধরনের দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও মহান স্বাধীনতা দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন সকাল ৭টা থেকে সকাল ৯টা এবং দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত রাখা হবে।
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ২৬ শে মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন। তিনি চলে যাওয়ার পর পরই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে জাতীয় স্মৃতিসৌধ। তার আগমন উপলক্ষ্যে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে সাভারকে।
জাতীয় স্মৃতিসৌধের দায়িত্বে থাকা সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে সৌধ প্রাঙ্গণকে ধুয়ে-মুছে নতুন রূপ দেওয়া হয়েছে। নিরাপত্তার বিষয়ে ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার সাংবাদিকদের জানান, মহান স্বাধীনতা দিবসে সর্বসাধারণের নিরাপত্তার জন্য কয়েক স্তরের বলয় গড়ে তোলা হয়েছে। পাশাপাশি সৌধ প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরা বসিয়ে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। প্রতিটি পয়েন্টে অস্থায়ী পোস্ট তৈরি করা হয়েছে।