ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, শাল্লার সাম্প্রদায়িক হামলার ঘটনার মূল নায়কদের বাদ দিয়ে পার্শ্বচরিত্র নিয়ে টানাটানি চলছে। সমস্ত ঘটনা সম্পর্কে এমন ধোয়াশা সৃষ্টি করা হয়েছে যে আমাদের দলীয় কর্মীরাও মাঝে-মধ্যে বিভ্রান্ত হয়ে পড়ছেন। গ্রেফতারকৃত আসামিদের প্রধান স্বাধীন ঐ ঘটনায় লাঠিয়াল ছিল ঠিকই, কিন্তু আক্রমণ করা হয়েছে ‘মোমিনুল হকের অ্যাকশন-ডাইরেক্ট অ্যাকশন’, ‘হেফাজতের অ্যাকশন-ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি স্লোগান দিয়ে। শাল্লার সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে গতকাল বুধবার ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টি আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
মেনন বলেন, শাল্লার সাম্প্রদায়িক হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। কয়েক বছর ধরেই মৌলবাদী-জঙ্গিবাদী অপশক্তি সারা দেশে পরিকল্পিতভাবে ধর্মীয় উসকানির মাধ্যমে সাম্প্রদায়িকতার যে বিস্তার ঘটাচ্ছে, এই ঘটনা তারই অংশ। ঢাকা মহানগর কমিটির সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক কিশোর রায়, নগর সম্পাদকমণ্ডলী সদস্য জাহাঙ্গীর আলম ফজলু, যুবমৈত্রীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ সানি, ছাত্রমৈত্রীর সহসভাপতি মুনিরুজ্জামান বিবর্তন প্রমুখ।