ভারতের কংগ্রেস পার্টির প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী বলেছেন, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী উভয় দেশের মধ্যে সম্মান ও গভীর বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করেছিলেন। এই রূপান্তরকে আমি সামনে থেকে দেখেছি। গতকাল বুধবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন।
সোনিয়া গান্ধী বলেন, ৫০ বছর আগে বাংলাদেশের সাহসী জনগণ এই উপমহাদেশের ইতিহাস ও ভূগোলের রূপান্তর ঘটিয়েছিল। গত পাঁচ দশকে বাংলাদেশের অভূতপূর্ব অর্জন, আর্থসামাজিক উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি অত্যন্ত বিস্ময়কর এবং এটি বিশ্বের স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশের জনগণের সঙ্গে সব সময় ভারত বিশেষ সম্পর্ক বজায় রেখেছে জানিয়ে তিনি বলেন, এটি একটি বিশেষ সম্পর্ক। কারণ, ইন্দিরা গান্ধী ১৯৭১ সালে ঐতিহাসিক ভূমিকা রেখেছিলেন। ১৯৭১ সাল ভারতের জন্য যেমন রূপান্তরের বছর ছিল, তেমনই এটি বাংলাদেশের জন্যও রূপান্তরের বছর ছিল। এর পরপরই শেখ মুজিবুর রহমান বিশ্ব মঞ্চে আবির্ভূত হন ঐতিহ্য ও বহুপাক্ষিক উদারতাবাদকে রক্ষা করার জন্য। সোনিয়া গান্ধী আরো বলেন, আজকের এই আনন্দের দিনে অত্যন্ত খুশির সঙ্গে শেখ হাসিনা ও তার লাখো দেশবাসীর গর্বকে সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি।