মূল সুয়েজ খালে জাহাজ চলাচল বন্ধ, পুরোনো চ্যানেল চালু

পৃথিবীর অন্যতম ব্যস্ত বাণিজ্য পথ মিশরের সুয়েজ খালে একটি কনটেইনারবাহী জাহাজ আটকা পড়েছে। এতে করে আপাতত খালটিতে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। বুধবার (২৪ মার্চ) এ খবর জানিয়েছে  ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। জানা গেছে, আটকা পড়া জাহাজটি সরিয়ে নিতে কয়েকদিন লাগতে পারে।  

জাহাজটি আবার চলাচল না করা অবধি কিছু ট্রাফিক সরিয়ে নিতে মিশর খালের পুরানো চ্যানেলটি পুনরায় চালু করেছে।সুয়েজ খালের মাধ্যমে যুক্ত হয়েছে মেডিটেরিয়ান এবং রেড সী। বিশ্বের মোট বাণিজ্যের ১২ শতাংশই হয় এ পথে। মিশরের স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাতটা চল্লিশে পানামায় রেজিস্ট্রিকৃত জাহাজ এভারগ্রীন মেরিন আড়াআড়িভাবে  খালে আটকা পড়ে। জাহাজটি লম্বায় প্রায় ৪০০ মিটার এবং প্রস্থে ৫৯ মিটার।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, সুয়েজ খাল বন্ধ থাকার প্রভাব ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে পড়তে শুরু করেছে, তেলের দাম বাড়তে শুরু করেছে। জাহাজটির কর্তৃপক্ষ বলেছে, ধারণা করা হচ্ছে হঠাৎ করে জোরালো বাতাসের ধাক্কায় এ ঘটনা ঘটেছে। আটটি টাগবোট জাহাজটিকে পুনরায় চালানোর জন্য কাজ করছে।  

দ্য কেপলার এনার্জি ইন্টেলিজেন্স জানিয়েছে, ২০টিরও বেশি অয়েল ট্যাংকার খালের দু'পাশে আটকা পড়েছে। 

ইত্তেফাক/এসএ