আওয়ামী লীগই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছে :ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নয় বরং আওয়ামী লীগই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছে। গতকাল বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের উদ্যোগে এরশাদ কর্তৃক অবৈধভাবে ক্ষমতা দখলের কালো দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় তি?নি একথা ব?লেন।

মির্জা ফখরুল বলেন, নিরপেক্ষ তদন্ত করে দেখুন, জরিপ করে দেখুন। হিন্দু সম্প্রদায়ের ভাইদের কত জমি, কত বাড়ি কারা দখল করে আছে। দেখবেন বেশিরভাগই আওয়ামী লীগ দখল করে আছে। সুনামগঞ্জের শাল্লায় সাম্প্রদায়িক সম্পর্ক বিনষ্ট হয়েছে।

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো ইস্যুতে ভারত ও চীনের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ভারত আমাদের পক্ষে রোহিঙ্গাদের সরানোর জন্য কোনো কথা বলে নাই। চীনের সঙ্গে আমাদের চমত্কার বন্ধুত্ব, সেই চীনও তো রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য আমাদের পাশে দাঁড়ায়নি। এর জন্য তিনি সরকারের কূটনৈতিক ব্যর্থতাকে দায়ী করেন।

ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও ছাত্রদলের সাবেক সভাপতি শামসুজ্জামান দুদু, ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান রিপন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সাবেক ছাত্রনেতা নাজিম উদ্দিন আলম, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি ও খন্দকার লুত্ফর রহমান প্রমুখ বক্তব্য দেন।