অ্যাস্ট্রাজেনেকার টিকা নিরাপদ: কানাডা

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনাভাইরাসের টিকাটি নিরাপদ হিসেবে ঘোষণা করেছে কানাডা। গতকাল বুধবার (২৪ মার্চ) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর দ্য গার্ডিয়ান।

জানা যায়, করোনার এই টিকা নিরাপদ ঘোষণা করলেও গ্রহীতাদের দেহে রক্ত জমাট বাঁধার বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে কানাডা। যদিও এখন পর্যন্ত দেশটিতে সেরকম কোনো ঘটনা ঘটেনি।

দ্য গার্ডিয়ান বলছে, ভারতের সেরাম ইনিস্টিটিউট হতে অ্যাস্ট্রাজেনেকার ৫ লাখ ডোজ পেয়েছে কানাডা। আগামী মে পর্যন্ত ১৫ লাখ ডোজ পাবে বলে আশা করছে কানাডীয় সরকার।

ভ্যাকসিনটি নিরাপদ ঘোষণা করে এক বিবৃতিতে কানাডার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, প্রাপ্ত তথ্য উপাত্ত পর্যালোচনা করে বিপজ্জনক কোনো কিছু পাওয়া যায়নি। এই টিকা মানবদেহে ব্যবহারের জন্য নিরাপদ। তবে নিরাপত্তার জন্য সবাইকে টিকা গ্রহণের পর চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

ইত্তেফাক/টিআর