‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি/জন্ম দিয়েছো তুমি মাগো তাই তোমায় ভালোবাসি’- নগরবাউল জেমসের এই গান দেশপ্রেমে উদ্বুদ্ধ করে তরুণ প্রজন্মকে। তার আরও অনেক গানে দেশ, মাটি, মানুষ ও লোকজ সংস্কৃতির কথা উঠে এসেছে। যেমন ‘মান্নান মিয়ার তিতাস মলম’, ‘লেইস ফিতা লেইস’, ‘যাত্রাপালা’, ‘সুলতানা বিবিয়ানা’, ‘বায়োস্কোপের খেলা’, ‘হা-ডু-ডু’, ‘নাগ-নাগিনীর খেলা’, ‘দিদিমনি’, ‘নাগর আলী কুমকুম’ প্রভৃতি।
এমন অনেক গানে দর্শক-শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করতে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিন মঞ্চে আসছেন আন্তর্জাতিক এই রকতারকা। গাজীপুরে রাজবাড়ি মাঠে ২৬ মার্চ বিকেল ৩টায় সুরের মূর্ছনা ছড়াবেন ভক্তদের ‘গুরু’।
জেমসের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিন ইত্তেফাক অনলাইনকে জানান, কনসার্টটি আয়োজন করেছে গাজীপুর সিটি করপোরেশন। সার্বিক ব্যবস্থাপনায় থাকছেন গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম।
নগরবাউলের লাইনআপ
মাহফুজ আনাম জেমস-কণ্ঠ ও গিটার, এহসান এলাহি ফান্টি-ড্রাম, সুলতান রায়হান খান-গিটার, তালুকদার সাব্বির-বেজ গিটার, কাকন চক্রবর্তী-কিবোর্ড, রুবাইয়াৎ ঠাকুর রবিন-মুখপাত্র ও বিজনেস ম্যানেজার।
ইত্তেফাক/জেএইচ