মেরাদিয়ায় ওয়ার্ড কাউন্সিলরের উপস্থিতিতে সন্ত্রাসী হামলা

খিলগাঁও থানাধীন মেরাদিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আয়েশা বেগম নামে এক নারীকে রড দিয়ে পিটিয়ে কপাল ফাটিয়ে দিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা। স্ত্রীকে বাঁচাতে এসে হামলাকারীদের বেধড়ক পিটুনির শিকার হয়েছেন ঐ নারীর স্বামী লাবু কাজীও। আক্রান্ত মা-বাবাকে উদ্ধার করতে গেলে দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পায়নি দম্পতির দুই ছেলে শান্ত কাজী ও লিমন কাজীও।

আয়েশা বেগম ও লাবু কাজী অভিযোগ করেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩ নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর মাকছুদ হোসেন মহসীনের উপস্থিতিতে ও তার নির্দেশে মঙ্গলবার সকালে এই হামলা হয়েছে। হামলার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিত্সা নিয়ে আয়েশা বেগম খিলগাঁও থানায় মামলা দায়েরের উদ্দেশ্যে লিখিত অভিযোগ করেন। তাতে এক নম্বর বিবাদী করা হয় কাউন্সিলর মাকছুদ হোসেন মহসীনকে। তবে কাউন্সিলরকে আসামি করায় বহু দেনদরবারের পরেও মামলা নেয়নি থানা পুলিশ।

আয়েশা বেগম থানায় লিখিত অভিযোগে বলেন, তার স্বামী লাবু কাজীর পৈতৃক জমিকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে ২০/২৫ জন লোক রড ও লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে মঙ্গলবার সকালে তাদের মেরাদিয়া বড় বাড়ির হাজী আনসারবাগের বাড়ির তালা ও গেইট ভেঙে জোরপূর্বক ভেতরে ঢুকে পড়ে। তারা ভেতরে ঢুকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে। কারণ জানতে চাইলে আয়েশাকে চুলের মুঠি ধরে কিলঘুষি মারতে শুরু করে এবং কয়েকজন তার শ্লীনতাহানির চেষ্টা করে।  লিখিত অভিযোগে ওয়ার্ড কাউন্সিলর মাকছুদ হোসেন মহসীন ছাড়াও তৌফিক, মাহবুব, সোহেল, মো. সোহেল, মোসলে উদ্দিন মহু, মো. খালেদ, লাল বাদল, মো. জাহাঙ্গীর, নাজিম উদ্দিন ও জাবেদের নাম উল্লেখ করা হয়েছে। ওয়ার্ড কাউন্সিলর মাকছুদের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি অসুস্থ। আমি ঘটনাস্থলে ছিলাম না। তবে ঘটনা শুনেছি। বিস্তারিত কিছু জানি না। না দেখে, না জেনে কিছু বলতে পারব না।’ তবে এই প্রতিবেদকের হাতে আসা সিসিটিভির ফুটেজে ঘটনার একপর্যায়ে এই কাউন্সিলরের উপস্থিতি দেখা যায়।