নিজের একাডেমিতে সাকিবের অনুশীলন

ও সব সময় কুল থাকে সালাউদ্দিন

যুক্তরাষ্ট্রে থাকাকালীন বিস্ফোরক মন্তব্যে ঝড় তুলেছিলেন দেশের ক্রিকেটে। তবে দেশে ফিরে মুখে কুলুপ এঁটে ফেলেছেন সাকিব আল হাসান। বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করলেও গণমাধ্যমকে এড়িয়ে গেছেন। গতকাল নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাস্কো-সাকিব ক্রিকেট একাডেমিতে গিয়েছিলেন এ বাঁ-হাতি অলরাউন্ডার। এদিনও মুখ খুলেননি তিনি।

নিজের একাডেমির ছাত্রদের সঙ্গে এক অনুষ্ঠানে অংশগ্রহণের পর ছেলেবেলার গুরু মোহাম্মদ সালাউদ্দিনের তত্ত্বাবধানে অনুশীলন করেছেন সাকিব। ভারতে যাওয়ার আগে আইপিএলের জন্য প্রস্তুত হচ্ছেন তিনি। ফিটনেস ঠিক থাকলেও ক্রিকেটের বাইরে থাকায় এখন স্কিলের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। খুব শিগিগরই ভারতে উড়াল দেবেন সাকিব।

বাংলাদেশের টেস্ট না খেলে আইপিএলে যাওয়া, ফেসবুক লাইভে করা মন্তব্যের জের ধরে বেশ চাপেই আছেন এ তারকা ক্রিকেটার। যদিও সালাউদ্দিন বলছেন, পরিবেশ-পরিস্থিতি যেমনই হোক সাকিবের খুব বেশি পরিবর্তন হয় না। সব সময় স্বাভাবিক থাকেন এ অলরাউন্ডার।

প্রিয় শিষ্য সম্পর্কে গতকাল সালাউদ্দিন বলেছেন, ‘আমি সাকিবকে ভালো সময়ে যেমন দেখি খারাপ সময়েও একই রকম দেখি। বাইরে থেকে আপনি কখনো বুঝতে পারবেন না ওর ভেতরে কি চলছে। ও সব সময় কুল থাকে। আমার মনে হয় সে বিশ্বাস করে কিছু জিনিস নিজের নিয়ন্ত্রণে থাকবে না। যেটা নিজের নিয়ন্ত্রণে নেই, সেটা নিয়ে চিন্তা করলে নিজের ক্ষতি ছাড়া কিছুই না।’

সাকিবের স্কিল লেভেল দ্রুতই সেরা অবস্থানে চলে আসবে বলে মনে করেন সালাউদ্দিন। অনুশীলনে কি কাজ করেছেন জানতে চাইলে গতকাল তিনি বলেছেন, ‘আসলে তেমনভাবে কোনো কাজ করিনি, কেবল কি অবস্থা সেটা দেখলাম। কারণ অনেকদিন ধরে ব্যাটে-বলে সম্পর্ক নেই। ফিটনেসটা হয়তো ধরে রেখেছে। যেহেতু ফিটনেসটা ভালো আছে স্কিল তাড়াতাড়িই ঠিক হয়ে যাবে।’

প্রতিবারই আইপিএলে যাওয়ার আগে সালাউদ্দিনের সঙ্গে একান্তে কাজ করেন সাকিব। তবে শিষ্যকে প্রস্তুত করে দেওয়ার কৃতিত্ব নিতে চান না দেশের প্রখ্যাত এ কোচ। গতকাল বলেছেন, ‘এটা আসলে সবারই ভুল ধারণা যে আমিই তাকে প্রস্তুত করে দেই। আমার মনে হয় ওরা এখন যে পর্যায়ে আছে ওরা নিজেরাই ভালো জানে কীভাবে প্রস্তুতি নিতে হবে। ১০-১২ বছর ক্রিকেট খেলার পর, এতগুলো টুর্নামেন্ট খেলার পর তাদের আসলে বলে দিতে হয় না যে, তোমাকে এই প্রস্তুতি নিতে হবে। কারণ তারা জানে, আমার মনে হয় তারা নিজেরাই ভালো কোচ, নিজের ব্যাপারে অনেক বেশি সচেতন।’