বঙ্গবন্ধু এনসিএল

জিতেছে ঢাকা, চট্টগ্রাম, ঢাকা মেট্রো বড় জয়ে শীর্ষে খুলনা

বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ডে চারটি ম্যাচেই ফলাফলের দেখা মিলেছে। প্রথম স্তরের দুই ম্যাচে খুলনা, ঢাকা বিভাগ জিতেছে। গতকাল সিলেটের বিরুদ্ধে ৮ উইকেটের জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে খুলনা। ১০.৫৩ পয়েন্ট দলটির। বিকেএসপিতে রংপুরকে ৮০ রানে পরাজিত করেছে ঢাকা বিভাগ। তাদের সংগ্রহ ১০.৪১ পয়েন্ট। গতকাল দ্বিতীয় স্তরের ম্যাচে রাজশাহীতে চট্টগ্রাম বিভাগ ৮৮ রানে জিতেছে স্বাগতিকদের বিরুদ্ধে। বরিশালেও স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়েছে ঢাকা মেট্রো।

খুলনায় জাকির হাসানের সেঞ্চুরির পরও গতকাল সিলেটের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৩০৮ রানে। জাকির ১৪০ রান করেন। জয়ের জন্য ৬৮ রানের টার্গেট পাড়ি দিতে সময় নেয়নি খুলনা। ২ উইকেটে ৭৩ রান তুলে ম্যাচ জিতে নেয় নুরুল হাসান সোহানের দল। জাকির হাসান ম্যাচ সেরা হন। বিকেএসপিতে গতকাল ঢাকার বিপক্ষে ২৬৪ রানের টার্গেটে দ্বিতীয় ইনিংসে খেলতে নামা রংপুর ১৮৩ রানে অলআউট হয়ে যায়। নাঈম ইসলাম ৬১ রান করেন। ঢাকার পক্ষে বাঁহাতি স্পিনার নাজমুল অপু ৬৪ রানে ছয়টি উইকেট নিয়ে ম্যাচ সেরা হন। রাজশাহীতে চট্টগ্রামের বোলারদের তোপে সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। ২৮৩ রানের টার্গেটে খেলছিল রাজশাহী। গতকাল জুনায়েদ সিদ্দিকীর অপরাজিত ৬৮ রানের পরও দ্বিতীয় ইনিংসে ১৯৪ রানে অলআউট হয় তারা। চট্টগ্রামের বাঁহাতি পেসার মেহেদী হাসান রানা ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন। দুই ইনিংসে ৭ উইকেট নেন রানা।

বরিশালে দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা অলআউট হয় ২০৮ রানে। মইনুল ৬৩, সালমান ৪৪ রান করেন। জয়ের জন্য ঢাকা মেট্রোর টার্গেট দাঁড়ায় ৩৭ রান। ১১.৫ ওভারে ২ উইকেটে ৩৭ রান তুলে জয় নিশ্চিত করে মার্শাল আইয়ুবের দল। প্রথম ইনিংসে আটে নেমে সেঞ্চুরি করা ঢাকা মেট্রোর শহীদুল ইসলাম ম্যাচ সেরা হন। ডানহাতি এ পেসার বল হাতেও তিন উইকেট নিয়েছেন।