নিশাঙ্কার ইতিহাস গড়ার ম্যাচে এগিয়ে লঙ্কানরা

প্রথম লঙ্কান ব্যাটসম্যান হিসেবে অভিষেক ম্যাচে প্রতিপক্ষ মাঠে সেঞ্চুরি করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে সফরকারীদের চালকের আসনে বসিয়েছেন পাথুম নিশাঙ্কা। ঘরোয়া ক্রিকেটে ৬৭.৫৪ গড়ে রান করে জাতীয় দলে ডাক পাওয়া নিশাঙ্কার ২৫২ বলে করা ১০৩ রানের লড়াকু ইনিংসের কল্যাণেই দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের ৩৭৫ রানের লক্ষ্য ছুড়ে দিতে পেরেছে শ্রীলঙ্কা।

সদ্য ঘরোয়া ক্রিকেট থেকে উঠে আসা ২২ বছর বয়সি এক ব্যাটসম্যান লঙ্কানদের দুর্দান্ত এক ইনিংস উপহার দিল। অ্যান্টিগায় প্রথম ইনিংসে মাত্র ১৬৯ রানে অলআউট হয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে নিশাঙ্কা ও নিরোশান ডিকভেলার ১৭৫ রানের জুটির কল্যাণেই চতুর্থ দিনে চালকের আসনে বসতে সক্ষম হয় সফরকারীরা। ৯৬ রানে আউট হয়ে ডিকভেলা নিজের প্রথম টেস্ট শতক থেকে বঞ্চিত হলেও এর আগে নিশাঙ্কা ঠিকই তুলে নিয়েছিলেন নিজের প্রথম আন্তর্জাতিক শতক। পূর্বে মাত্র তিন জন লঙ্কান তাদের অভিষেক টেস্টে শতক হাঁকিয়েছেন, কিন্তু এদের কারোর অভিষেকই দেশের বাইরে হয়নি। এমন এক অসাধারণ অভিষেকের পর সব মহল থেকেই প্রশংসায় ভাসছেন নিশাঙ্কা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এই তরুণ ব্যাটসম্যানের প্রশংসা করেছেন সাবেক শ্রীলঙ্কা অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেও।