দেবীগঞ্জ পৌরসভা নির্বাচন নিয়ে আওয়ামী লীগে একাধিক বিদ্রোহী প্রার্থী দেখা যাচ্ছে। ষষ্ঠ ও সর্বশেষ দফায় অনুষ্ঠিতব্য দেবীগঞ্জ পৌরসভা নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে দুই পুরুষ কাউন্সিলর প্রার্থী ছাড়া আর কোনো প্রার্থীই মনোনয়ন প্রত্যাহার করেননি। মেয়র পদে ৯ জন, কাউন্সিলর পদে ৬৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বৃহস্পতিবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
পৌরসভার ৯ কেন্দ্রের প্রত্যেকটিতেই ইভিএমের মাধ্যমে আগামী ১১ এপ্রিল ভোটগ্রহণ করা হবে। পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা এরশাদুল হক মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরীর বিপরীতে দলের একাধিক বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ থেকে যারা মনোনয়নপত্র জমা দেন তারা হলেন দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী। বিদ্রোহী হিসেবে মনোনয়নপত্র জমা দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুর নেওয়াজ, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক আবু, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আখতার হোসেন নিউটন। নেতাকর্মীরা বলেছেন, দল যাকে মনোনয়ন দিয়েছে তারই নির্বাচন করতে হবে। দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এদিকে পৌরসভাসহ আগামীতে সব ধরনের নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ার ঘোষণা দিলেও দলের দুই নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। তারা হলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এফ এস এম মোফাখখারুল আলম বাবু ও পৌর যুবদলের আহ্বায়ক সরকার ফরিদুল ইসলাম। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন জাকারিয়া ইবনে ইউসুফ ও মাসুদ পারভেজ।