দিনাজপুরে নিখোঁজের এক দিন এবং থানায় জিডি করার এক ঘণ্টা পর পার্শ্ববর্তী বিরল উপজেলা থেকে উদ্ধার হয়েছে রাকিব ইসলাম (২৫) নামে এক অটোবাইক চালকের রক্তাক্ত লাশ। গত বুধবার বিরল উপজেলার ধুকুরঝাড়ী কলেজের সম্মুখ থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। রাকিব ইসলাম দিনাজপুর শহরের মীর্জাপুর বাস টার্মিনাল এলাকার নজরুল ইসলামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার নিজ বাড়ি থেকে অটোবাইক নিয়ে বের হয় রাকিব। আর বাড়ি ফেরেনি। পরিবার থেকে অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে বুধবার কোতোয়ালি থানায় একটি জিডি করা হয়। এ কথা নিশ্চিত করেন কোতোয়ালি থানার ওসি মোজাফ্ফর হোসেন। এর একঘণ্টা পর খবর আসে বিরলে এক বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত করেন লাশটি রাকিবের।