স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে ঢাকায় এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাকে অভ্যর্থনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
ঢাকায় পৌঁছানোর পর বাংলায় টুইট করেছেন মোদি। টুইটে তিনি বলেন, ঢাকা পৌঁছলাম। বিমানবন্দরে বিশেষ অভ্যর্থনা জানানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ। এই সফর আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করার ক্ষেত্রে অবদান রাখবে।
আজ শুক্রবার তাকে বহনকারী বিমানটি সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এসময় ভারতের প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার দেওয়া হয়েছে।
গার্ড অব অনারের পরেই সরাসরি হেলিকপ্টার যোগে স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হন মোদি। সেখানে আনুষ্ঠানিতা শেষ করার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যাবেন। বিকেলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন হোটেল শেরাটনে ভারতের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন।
ঢাকা পৌঁছলাম। বিমানবন্দরে বিশেষ অভ্যর্থনা জানানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ। এই সফর আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করার ক্ষেত্রে অবদান রাখবে। pic.twitter.com/TVOZad1KFE
— Narendra Modi (@narendramodi) March 26, 2021
ইত্তেফাক/টিআর