জেমসের কনসার্টটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আজ গাজীপুরের রাজবাড়ি মাঠে একটি বিশেষ কনসার্টে অংশ নেওয়ার কথা ছিলো জেমস ও তার দল নগরবাউলের। কিন্তু শুক্রবার জানানো হলে করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তদের সংখ্যা ফের বৃদ্ধি পাওয়ায় কনসার্টটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জেমসের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিন ইত্তেফাক অনলাইনকে জানান, ‘সারাদেশের ন্যায় গাজীপুরে ও করোনার প্রকোপ বাড়তে থাকায় গাজীপুর আপামর জনসাধারনের বৃহৎ স্বার্থে ২৬ মার্চ গাজীপুর রাজবাড়ী মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করা হলো। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে যেকোনো সুবিধাজনক সময়ে আমরা আবারো অনুষ্ঠানটি আয়োজনের দিকে অগ্রসর হবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই, অবশ্যই স্বাস্থবিধি মেনে চলুন।’

‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি/জন্ম দিয়েছো তুমি মাগো তাই তোমায় ভালোবাসি’- নগরবাউল জেমসের এই গান দেশপ্রেমে উদ্বুদ্ধ করে তরুণ প্রজন্মকে। তার আরও অনেক গানে দেশ, মাটি, মানুষ ও লোকজ সংস্কৃতির কথা উঠে এসেছে। যেমন ‘মান্নান মিয়ার তিতাস মলম’, ‘লেইস ফিতা লেইস’, ‘যাত্রাপালা’, ‘সুলতানা বিবিয়ানা’, ‘বায়োস্কোপের খেলা’, ‘হা-ডু-ডু’, ‘নাগ-নাগিনীর খেলা’, ‘দিদিমনি’, ‘নাগর আলী কুমকুম’ প্রভৃতি।

ইত্তেফাক/বিএএফ