মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস গতকাল ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে উদ্যাপিত হয়। ভোরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সুচনা হয়। এ উপলক্ষে শিক্ষার্থীদের অনলাইনভিত্তিক চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, সংগীত ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া কলেজ অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের ধারণকৃত সাক্ষাতকার প্রদর্শনী, বিজয়ী শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক পরিবেশনা, স্বাধীনতা ও জাতীয় দিবসের বিশেষ ডকুমেন্টারি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পোস্টার, ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকার আদলে লাল-সবুজে সম্পূর্ণ কলেজ প্রাঙ্গণ সজ্জিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের মুক্তিযুদ্ধে অনেক মা তাদের সন্তানদের, অনেক বোন তাদের ভাইদের মুক্তিযুদ্ধে ছেড়ে দেন বিজয় ছিনিয়ে আনতে। তাই তোমাদেরকে মাতৃতুল্য জন্মভূমির জন্য কাজ করতে হবে। বর্তমান প্রজন্ম ও তার পরের প্রজন্ম সোনার বাংলা গড়তে প্রত্যয় নিতে হবে। তোমাদেরকে অবশ্যই চতুর্থ শিল্পবিপ্লব যুগের উপযোগী হয়ে গড়ে ওঠতে হবে। উক্ত অনুষ্ঠানে কলেজের শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা, কর্মচারী, অভিভাবক ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।