নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা
নালিতাবাড়ীর পাহাড়ি নদী চেল্লাখালীতে সেচ পাম্পের গর্ত থেকে শুক্রবার নিখোঁজ মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহতের নাম আবদুল্লাহ ওরফে তামীম (৮)। সে উপজেলার আন্দারুপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। নিহতের পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সকালে তামীম বাড়ি থেকে বেরিয়ে মাদ্রাসায় পড়তে যায়। পরে সঙ্গীদের নিয়ে পার্শ্ববর্তী চেল্লাখালী নদীতে গোসল করতে গিয়ে সবার অগোচরে অসাবধানতাবশত পা পিছলে পাশে থাকা সেচ পাম্পের গর্তে ডুবে নিখোঁজ হয়। পরে নদী তীরে তামীমের পরনের পাজামা দেখে স্থানীয়রা নদীতে খুঁজে ব্যর্থ হয়ে ঝিনাইগাতী ফায়ার সার্ভিসে খবর দেয়। শুক্রবার সকালে জামালপুরের ডুবুরি দল এসে সেচ পাম্পের গর্ত থেকে তামীমের লাশ উদ্ধার করে। এর সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল বলেন, পরিবারের আপত্তি না থাকায় তামীমের লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।