মুম্বাইয়ে হাসপাতালে আগুন, নিহত ১০

ভারতের মুম্বাইয়ে শপিং মলের ভেতর অবস্থিত একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ঐ বেসরকারি হাসপাতালটিতে আগুন লাগে।

আগুন লাগার পরপরই হাসপাতালে চিকিত্সাধীন ৭০ জনেরও বেশি কোভিড-১৯ রোগীকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। হাসপাতালটি ঐ শপিংমলের তৃতীয় তলায় অবস্থিত। সেখানে আগুনের সূত্রপাত কীভাবে, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃতদের মধ্যে কোনো কোভিড-১৯ রোগী আছে কি না, তাত্ক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। মহারাষ্ট্র এমনিতেই ভারতের অন্যতম প্রধান কোভিড-১৯ ‘হটস্পট’। ঐদিন মুম্বাইয়ে সাড়ে ৫ হাজারের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে; প্রাদুর্ভাব শুরুর পর শহরটিতে এদিনই সর্বোচ্চ রোগী শনাক্ত হয়। ভারত জুড়ে ২৪ ঘণ্টায় ৫৯ হাজার ১১৮ নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে বলে শুক্রবার জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। গত বছরের ১৮ অক্টোবরের পর এটাই দেশটিতে সর্বোচ্চ দৈনিক শনাক্ত। দক্ষিণ এশিয়ার এ দেশে সরকারি হিসেবে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ১ কোটি ১৯ লাখের কাছাকাছি পৌঁছে গেছে। আরো ২৫৭ মৃত্যু নিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজার ৯৪৯ জন।       —রয়টার্স, পিটিআই