মেক্সিকোতে করোনায় মৃতের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। দেশটির কর্তৃপক্ষ গত বছরের ১৮ মার্চ করোনা ভাইরাসে প্রথম মৃত্যু রেকর্ড করেছিল, বৃহস্পতিবার তা ২ লাখ ২১১ জনে দাঁড়িয়েছে।
মেক্সিকোতে এখন পর্যন্ত সরকারি হিসাবেই ২৪ লাখ ৯ হাজারের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে তুরস্কের রাষ্ট্রপরিচালিত আনাদোলু সংবাদ সংস্থা। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে আবির্ভূত নতুন করোনা ভাইরাস সোয়া এক বছরের ব্যবধানে বিশ্বের ২৭ লাখেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। বিশ্বে কোভিড-১৯ এ সবচেয়ে বেশি মানুষের মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। প্রায় সাড়ে ৫ লাখ মানুষ সেখানে মারা গেছে। ব্রাজিলে মৃত্যু ছাড়িয়ে গেছে ৩ লাখ। এর পরের স্থানই মেক্সিকোর। দেশটিতে বৃহস্পতিবার পর্যন্ত ৬২ লাখ ৪৩ হাজারের বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে; তবে এ সংখ্যা স্বাস্থ্য কর্মকর্তাদের দেওয়া প্রতিশ্রুতির তুলনায় অনেক কম। দেশটি চলতি মাসের মধ্যে ১ কোটি ৪১ লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছিল।
ঐদিন মেক্সিকো চীনা টিকা নির্মাতা প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেকের কাছ থেকে আরো ১০ লাখ ডোজ টিকা পেয়েছে। এ নিয়ে সিনোভ্যাক মেক্সিকোতে মোট ৪০ লাখ ডোজ টিকা সরবরাহ করল। মেক্সিকোর প্রেসিডেন্ট ম্যানুয়েল লোপেজ ওব্রাদর মহামারির সম্ভাব্য তৃতীয় ঢেউ ঠেকাতে দেশ জুড়ে টিকাদানের গতি বাড়াতে সশস্ত্র বাহিনী ও সব সরকারি সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন।