ইত্তেফাক ডেস্ক
নানা আয়োজনে গতকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন করা হয়েছে। প্রত্যেক অনুষ্ঠানে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার করেছেন বক্তারা। খবর জেলা প্রতিনিধি ও উপজেলা সংবাদদাতাদের।
নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার জানান, নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে সকালে নগরীর দুই নম্ব্বর রেলগেট এলাকায় সিটি করপোরেশন নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মেয়র ডা. সেলিনা হায়াত্ আইভী। উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলরগণসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ ছাড়া সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে জেলা প্রশাসকের কার্যালয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। সকালে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ও পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া জেলা এবং উপজেলা পর্যায়ে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠন আঞ্চলিকভাবে দিবসটি উদ্যাপন করেছে।
গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরে যথাযথ মর্যাদায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল সকালে জেলা প্রশাসন, জেলা ও মেট্রোপলিটন পুলিশ, আওয়ামী লীগ বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা স্বাধীনতার স্মৃতিস্তম্ভে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জেলা শহরের শহিদ বঙ্গতাজ অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনাসভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়। জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন ইকবাল হোসেন সবুজ এমপি, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার জাকির হাসান, মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া, আব্দুর রউফ নয়ন প্রমুখ। দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ ধান ও কৃষি গবেষণা ইনস্টিটিউট, জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ডুয়েট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটিসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করেছে।
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল সকালে শহিদ স্মৃতিস্তম্ভে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলন করা হয়। পরে শহিদ বেদিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক এস এম ফেরদৌস এবং জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার রিফাত রহমান শামীম। এরপর একে একে রাজনৈতিক এবং সামাজিক সংগঠনগুলো শহিদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সভাপতি গোলাম মহীউদ্দীনের নেতৃত্বে শহিদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া শহিদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় মানিকগঞ্জ প্রেস ক্লাব।
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, শহিদ মজনু পার্কে বিজয়স্তম্ভে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সোনারগাঁও উপজেলা প্রশাসন, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, সোনারগাঁও প্রেস ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদসহ সর্বস্তরের জনগণ।
এছাড়াও জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সংবর্ধনা ও আলোচনাসভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা ও আলোচনাসভায় উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। এদিকে সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে শ্রদ্ধা জানান মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপসহ মোবারক হোসেন স্মৃতি সংসদের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ এবং সন্তান কমান্ডের নেতৃবৃন্দ। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, স্থানীয় আওয়ামী লীগ, রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাবসহ সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, বক্তৃতা উপস্থাপন প্রতিযোগিতা, আলোচনাসভা, ক্রীড়া প্রতিযোগিতা, প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সরকারি মুড়াপাড়া কলেজ বিশ্ববিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান। বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. শাহজাহান ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নিলা, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. তোফায়েল আহমেদ আলমাছ, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. ছালাউদ্দিন ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মোমেন ও সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেন প্রমুখ।
ধামরাই (ঢাকা) সংবাদদাতা জানান, ধামরাইয়ে সরকারি-বেসরকারি উদ্যোগে যথাযোগ্য মর্যাদা এবং আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপিত হয়েছে। পুষ্পস্তবক অর্পণ, আলোচনাসভা, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। উপজেলা প্রশাসন, পৌরসভা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, সামাজিক সংগঠন ও সংস্থা দিবসটি উদ্যাপন করে। বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা এসডিআই সূতিপাড়া এফটিসিতে প্রবীণদের ভাতা প্রদান ও বীর মুক্তিযোদ্ধাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্মারক প্রদান করে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও বীর মুক্তিযোদ্ধাদের সম্মানিত করা হয়। উপজেলা পরিষদ চত্বরে ২৫ মার্চ থেকে সপ্তাহব্যাপী গ্রন্থমেলার আয়োজন করা হয়েছে। স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদের নির্দেশনা ও উপস্থিতিতে উপজেলা জুড়ে দিবসটি উদ্যাপিত হয়। এছাড়া ঢাকার কেরানীগঞ্জে, মানিকগঞ্জের ঘিওর, শিবালয়, সাটুরিয়া, দৌলতপুর ও সিংগাইর, মুন্সীগঞ্জের সিরাজদিখান ও নবাবগঞ্জ এবং গাজীপুরের টঙ্গী, কালীগঞ্জ, কালিয়াকৈর ও শ্রীপুরে নানা আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপিত হয়েছে।