সাম্প্রদায়িক অপশক্তিকে চূড়ান্ত পরাজিত করাই আজকের শপথ --------------- কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তি এবং বর্ণচোরা মুক্তিযোদ্ধাদের প্রতিহত করে তাদের চূড়ান্তভাবে পরাজিত করাই আজকের দিনের শপথ। গতকাল শুক্রবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি আরো বলেন, ‘বর্ণচোরা মুক্তিযোদ্ধারাও সাম্প্রদায়িক শত্রুদের চেয়ে কম শত্রু নয়। এরা বরং আরো বেশি ক্ষতি করছে। এদের চিহ্নিত করতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে এদের প্রতিহত ও প্রতিরোধ করব, এটা আজকের শপথ।’

ওবায়দুল কাদের বলেন, ‘১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার যে ঘোষণা, তা আসলে অন্য কারো দেওয়ার অধিকার ছিল না। এই ঘোষণা দেওয়ার ম্যান্ডেট শুধু বঙ্গবন্ধুই পেয়েছিলেন। অন্য কারো বৈধ অধিকার ছিল না ঘোষণা দেওয়ার। কাজেই ঘোষণা দেওয়ার পাঠক অনেকেই থাকতে পারে, কিন্তু ঘোষক একজনই। তিনি স্বাধীনতার ঘোষণা করেছেন, তার নেতৃত্বে বাঙালি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করেছিল।’

পরে সকালে ঐতিহাসিক ধানমন্ডির ৩২ নম্বর সড়কের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের। এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আফজাল হোসেন ও এস এম কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।