বাউফলে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ আহত অর্ধশত

বাউফলের ধুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে অর্ধশত লোক আহত হয়েছে। এ সময় ২০-২৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। গুরুতর আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় চেয়ারম্যান প্রার্থীসহ ৩৩ জনকে আসামি করে বাউফল থানায় মামলা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চশমা মার্কার চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম মৃধার নেতৃত্বে বৃহস্পতিবার বিকালে ঝাউতলা খেয়া ঘাট থেকে দেড় শতাধিক মোটরসাইকেল নিয়ে শো-ডাউন করে ধুলিয়া কলেজিয়েট স্কুলের সামনে দিয়ে হোসনাবাদ খেয়াঘাট হয়ে নৌকা মার্কার প্রার্থী মু. হুমায়ন কবিরের বাড়ির সামনে ধুলিয়া লঞ্চঘাট যাওয়ার পথে নৌকা মার্কার প্রার্থীর ছেলে অনিক, ভাই হেমায়েদ, ভাইয়ের ছেলে হারুন দেয়ান ও মিন্টুর নেতৃত্বে ৮-১০ কর্মী-সমর্থক পেছন থেকে শো-ডাউনের ওপর হামলা করে। এ সময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ঘণ্টাব্যাপী চলে এ সংঘর্ষ। এতে দুই পক্ষের কমপক্ষে অর্ধশত কর্মী-সমর্থক আহত হয়। এ সময় নৌকার সমর্থকরা ঘটনাস্থল থেকে চশমা মার্কার পাঁচ জনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।