বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদ্যাপনে অতিথি হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসেছেন। সব আতিথেয়তা দেওয়া হচ্ছে। বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী মোদির ঐতিহাসিক ও তাত্পর্যপূর্ণ সফর ঘিরে উপযুক্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। কিছু বিচ্ছিন্ন ঘটনা এক্ষেত্রে প্রভাব ফেলবে না। এছাড়া এই করোনা মহামারির মধ্যেও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে যে ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে তাও প্রশংসনীয়। সফররত ভারতের প্রধানমন্ত্রীর সফরসঙ্গী টিমের এক উচ্চপদস্থ কর্মকর্তা গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকার স্থানীয় একটি হোটেলে সাংবাদিকদের এ কথা জানান।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী মোদির সফরের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে—আগামী দিনে দ্বিপাক্ষিক সম্পর্কে কানেকটিভিটির (সংযোগ) ওপর জোর দেওয়া। দুই দেশের মধ্যে এবং উপ-আঞ্চলিক সহযোগিতার মধ্যে সংযোগকে গুরুত্ব দিয়ে নতুন নতুন কর্মসূচি ও সুযোগের দ্বার উন্মোচন করা।