বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মানে প্রভুত্ব নয় --------- মির্জা ফখরুল

ঢাকায় অঘোষিত কারফিউ জারি করে সরকার জনগণকে বাদ দিয়েই স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন করছে বলে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকের এ দিনে বাংলাদেশের, বিশেষ করে ঢাকা শহরের যে অবস্থা, এটা আমাদের কারো কাছে প্রত্যাশিত নয়। তিনি বলেন, প্রতিবেশীসহ সব দেশের সঙ্গেই বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। কিন্তু কাউকে প্রভু হিসেবে মেনে নেওয়া যায় না।’

শুক্রবার দুপুর ১২টার দিকে শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে দলের পাঁচ নেতা ফুল দেওয়ার পর তিনি এ মন্তব্য করেন। পুলিশের অনুমতি নিয়ে মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে আসেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

‘জনগণ সরকারের এই আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়াবে’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল শুক্রবার রাতে এক বিবৃতিতে বলেছেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়ীয়ায় পুলিশ ও সরকারি দলের হামলা, গুলিবর্ষণে পাঁচজন নিরীহ মানুষ নিহত ও অনেককে গুরুতর আহত করার ঘটনায় ধিক্কার জানাই। এসব অপকর্মের জবাব দেওয়ার জন্য বর্তমান সরকারকে অবশ্যই একদিন জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। জনগণ এই বর্বর আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।’

তিনি বলেন, স্বাধীনতা দিবসের মতো উত্সব ও আনন্দের দিনে যেখানে রাজপথে ফুল ছিটানোর কথা, সেখানে রাজপথে  রক্ত  ঝরানো হলো। এই নির্মম ঘটনার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে আওয়ামী লীগ সরকার যেন জনগণের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ চালাচ্ছে।

আজ সারা দেশে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ

স্বাধীনতা দিবসে ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামে ধর্মপ্রাণ মুসলমানদের ওপর সরকারি দল ও পুলিশের হামলা এবং গুলিতে হতাহত ঘটনার প্রতিবাদে আজ শনিবার ঢাকাসহ দেশের সকল জেলা ও মহানগরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। গতকাল রাতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল পৃথক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষনা করে।