কেনিয়ায় বৃহস্পতিবার রাতে ব্রিটিশ সেনাবাহিনীর মহড়ার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটির একটি বন্যপ্রাণীর অভায়াশ্রমে এ মহড়া অনুষ্ঠিত হয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, অগ্নিকাণ্ড কী কারণে ঘটেছে—তা খতিয়ে দেখা হচ্ছে।
কেনিয়ার উত্তরাঞ্চলে লাইকিপিয়া এলাকায় দেশটির সেনাবাহিনীর সঙ্গে যৌথ মহড়া চালাচ্ছে ব্রিটিশ সেনাবাহিনী। সেখানে ব্রিটিশ সেনাবাহিনীর ঘাঁটি নানিউকি শহরে। কেনিয়ার মধ্যাঞ্চলে অবস্থিত মাউন্ট কেনিয়া থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত একটি বেসরকারি অবকাশ যাপন কেন্দ্রের এক কর্মী জানিয়েছেন, ঐ অঞ্চলে আগুন ছড়িয়ে পড়ছে। ঐ অবকাশ কেন্দ্রের ব্যবস্থাপক অবশ্য এ নিয়ে কোনো মন্তব্য করেননি।
ব্রিটিশ সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সব কর্মীর খোঁজ পাওয়া গেছে। আমাদের অগ্রাধিকার হলো—স্থানীয় জনগোষ্ঠী আক্রান্ত হলে তাদের অবিলম্বে সহায়তা দেওয়া। আগুন নিয়ন্ত্রণে আমরা সব ধরনের চেষ্টা চালিয়েছি এবং পরিস্থিতি আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি। সূত্র: রয়টার্স
ইত্তেফাক/এমআর