প্রকৃত অসচ্ছল মুক্তিযোদ্ধাদের ঘর দেওয়া হবে: নিক্সন চৌধুরী

ফরিদপুর-৪ আসনের এমপি ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, প্রধানমন্ত্রীর উপহার প্রকৃত অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মধ্যে ঘর বিতরণ করা হবে। ইতিপূর্বে উপজেলা নিবার্হী কর্মকর্তা রকিবুর রহমান খান দালালদের চক্রে পড়ে মোটা অংকের অর্থের বিনিময়ে প্রকৃত অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মধ্যে ঘর বিতরণ না করে সচ্ছল মুক্তিযোদ্ধাদের মধ্যে ঘর বিতরণের পায়তারা করেছিলো। বিষয়টি আমি টের পেয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে গিয়ে তা স্থগিত করেছি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে উপজেলা ব্যাপি সঠিক তদন্ত করে প্রকৃত অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের মধ্যে ঘর প্রদানের নির্দেশ দিয়েছি বর্তমান উপজেলা নিবার্হী কর্মকর্তা আজিম উদ্দিনকে। আমি দেশের সুর্য সন্তানদের শ্রদ্ধার সঙ্গে বলছি, আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। আপনাদের পাশে তিনি সব সময় থাকবেন। দুর্নীতিকে প্রতিরোধ করে সুশাসন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখুন।’

আজ শনিবার (২৭ মার্চ) সকালে উপজেলার হামেরদী ইউনিয়নের মুনসুরাবাদ উচ্চ বিদ্যালয়ের হল রুমে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এমপি নিক্সন চৌধুরী আরও বলেন, ‘মুনসুরাবাদ উচ্চ বিদ্যালয়টির আরও ব্যাপক উন্নয়নের জন্য জরুরি ভিত্তিতে আরও একটি ভবন নির্মাণ করে দেওয়া হবে।’

মুনসুরাবাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা কমান্ডারগণ ও মুনসুরাবাদ উ্চ্চ বিদ্যালযের পক্ষ হতে এমিপ নিক্সন চৌধুরীকে সম্মনানা সরূপ ক্রেস্ট উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ জমসেদ, হামেরদী ইউপি চেয়ারম্যান অ্যডভোকেট শামচুল আলম রাসেল, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, দুর্নীতি দমন কমিশনের পিপি অ্যাডভোকেট আসাদুজ্জামান রানা প্রমুখ।

ইত্তেফাক/কেকে