জন্মদিনে কখনোই আড়ম্বর করিনি :শাকিব খান

 বিনোদন রিপোর্ট

 

ওয়াজেদ আলী সুমনের ‘অন্তরাত্মা’য় এখন শাকিব খানের ধ্যান-জ্ঞান। আজ কিং খান শাকিব খানের জন্মদিন। জন্মদিনেও তাকে পাবনাতে শুটিংয়ে ব্যস্ত থাকতে হবে বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশ চলচ্চিত্রের কয়েকজন সুপারস্টার শাকিব খানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতা বলেন, ‘শাকিব আমার সঙ্গে অনেক সিনেমাতেই অভিনয় করেছে। সর্বশেষ খোদার পরে মা সিনেমায় শাকিব আমার সন্তানের চরিত্রে অভিনয় করেছে। অভিনয়ে শাকিব এখন অনেক অনেক ম্যাচিউরড। আর দেখতে মাশাআল্লাহ খুব হ্যাণ্ডসাম। তার ব্যবহারও খুব চমত্কার। দীর্ঘদিন ধরে নিজেকে একই অবস্থানে টিকিয়ে রাখাটাও একটা যুদ্ধ। সেই যুদ্ধে একজন যোদ্ধা হিসেবে শাকিব জয়ী। তার জন্য আমার অনেক অনেক দোয়া, ভালোবাসা রইলো। তাকে আল্লাহ সুস্থ রাখুন।’ চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘শাকিবের সঙ্গে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমার একটাই চাওয়া থাকবে শাকিবের কাছে, আর তা হলো এই দেশের কোটি কোটি মানুষ তাকে যে ভালোবাসা দিয়েছে, আগামীতে যেন মানুষের জন্য শাকিব অনেক বেশি জনকল্যাণ মূলক কাজ যেন করে। আর এটা সত্য দীর্ঘদিন চলচ্চিত্রে শক্ত অবস্থানে টিকে থাকার জন্য অবশ্যই যোগ্যতা লাগে। একজন নায়কের যেসব গুণাবলি থাকা প্রয়োজন তার সবই আছে শাকিবের ভেতর।’

চিত্রনায়িকা পূর্ণিমা বলেন,‘ আমার জন্মদিনে শাকিব লাইভ অনুষ্ঠানে আমাকে ফোন করে অবাক করে দিয়েছিল। আমার যদি এমন কোনো সুযোগ থাকতো আমিও হয়তো তাকে সারপ্রাইজড করতাম। যাই হোক, আমাদের প্রায় একই সময়ে সিনেমায় পথচলা শুরু। শুরু থেকেই সিনেমায় তার নিজেকে প্রতিষ্ঠা করার জন্য অদম্য চেষ্টা, শ্রম এবং সিনেমার প্রতি অধ্যবসায়, ভালোবাসা, এখনো তা অটুট থাকা তাকে আজকের কিং খানে কিংবা সুপারস্টারে পরিণত করেছে। সময়ের সঙ্গে শাকিব তার নিজের লুক, গেটআপেরও পরিবর্তন করেছে। সব মিলিয়েই শাকিব তার স্বপ্ন পূরণ করতে পেরেছে, এটাই অনেক বড় প্রাপ্তি।’

আজ জন্মদিনে শাকিব খানের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন,‘ জন্মদিনে কখনোই আমি আড়ম্বর করিনি। আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়েছি শুধু। কারণ বাবা-মায়ের কাছ থেকে দোয়া আর দর্শকদের ভালোবাসা আমার বেঁচে থাকার মূল আনন্দের জায়গা। ওদের নিয়েই বাকি জীবন দেশ ও শিল্প-সংস্কৃতিকে গর্বিত করতে চাই।’