কর্মসংস্থান বাড়ানোর প্রকল্পে বিশ্বব্যাংকের ২৫ কোটি ডলার ঋণ অনুমোদন

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশে কর্মসংস্থান বাড়ানোর প্রকল্পে ২৫ কোটি ডলার (২ হাজার ১২৫ কোটি টাকা) ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংকের বোর্ড সভা। থার্ড পোগ্রামেটিক জব ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিটের আওতায় এই অর্থ দেওয়া হবে। আগের ধারাবাহিকতায় তৃতীয় ধাপে এই ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বাণিজ্য ও বিনিয়োগের ব্যবস্থাকে আধুনিকীকরণের জন্য একটি শক্তিশালী নীতি ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার জন্য এ প্রকল্পের মাধ্যমে সহায়তা করা হচ্ছে। বিশেষ করে শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা উন্নত করা এবং যুব, নারী ও পিছিয়ে পড়াদের মানসম্পন্ন কর্মসংস্থানে প্রবেশের জন্য সহায়ক হবে এই প্রকল্প।

এ বিষয়ে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টিমবন উল্লেখ করেন, বাংলাদেশের উন্নয়ন লক্ষ্যের মূলে রয়েছে কর্মসংস্থান। সম্প্রতি বাংলাদেশ শক্তিশালী প্রবৃদ্ধ অর্জন করেছে, কিন্তু কর্মসংস্থান হচ্ছে ধীরগতিতে। বিশেষ করে উত্পাদনশীল খাতে কর্মসংস্থানে ধীরগতি লক্ষ করা যাচ্ছে। এই অর্থায়ন বাংলাদেশে উন্নত কর্মসংস্থান তৈরিতে সহায়তা করবে। কোভিড-১৯-এর প্রভাবে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক উভয় খাতের ক্ষতিগ্রস্ত শ্রমশক্তির সংকট কাটাতে সহায়তা করবে।

বিশ্বব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রকল্পটির মাধ্যমে করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত অপ্রাতিষ্ঠানিক খাতের ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণসহায়তা বাড়ানো হবে। করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত ৫০ লাখ চাকরিজীবীকে সহায়তা করতে সরকারের উদ্যোগ বাস্তবায়নে সহায়তা করবে। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে ব্যবসা ও বিনিয়োগ সেবার বিভিন্ন উদ্যোগ রয়েছে, যার ফলে ব্যবসা শুরুর খরচ কমে আসবে। ধারাবাহিক এই কর্মসূচিতে বিশ্বব্যাংকের মোট অর্থায়ন দাঁড়িয়েছে ৭৫ কোটি ডলার। পাঁচ বছর রেয়াতকালসহ ৩০ বছরে এই ঋণ শোধ করতে হবে।