ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, আজকে বাংলাদেশের যে উন্নয়ন তা এক দিনের নয়, এটি হলো ইঞ্চি ইঞ্চি পরিশ্রমের ফসল। আর এই শিক্ষার প্রেরণা ছিলেন বঙ্গবন্ধু। স্বাধীনতার পরবর্তী সময়ের সামাজিক, অর্থনৈতিক চিত্র তুলে ধরে তিনি বলেন, দেশে মেগা প্রকল্প যেমন পায়রা বিদ্যুত্ কেন্দ্র, অর্থনৈতিক অঞ্চলগুলো দৃশ্যমান হলে দেশের অর্থনীতির চিত্র পুরোপুরি পালটে যাবে।
দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উপলক্ষ্যে শুক্রবার আইসিএবি মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। অনলাইনে সংযুক্ত হয়ে ড. আতিউর রহমান এ বক্তব্য দেন। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে ‘স্বাধীনতা ও মুক্তির দিশারী বঙ্গবন্ধু’ শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক ও গবেষক অজিত কুমার সরকার।
আলোচনাসভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবন চিত্র সম্পর্কে নানা দিক তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু নিজের জন্য নয়, দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করেছেন। সেই আর্দশকে ধারণ করে সবাইকে দেশের জন্য এক হয়ে কাজ করতে হবে।
আইসিএবি প্রেসিডেন্ট মাহমুদউল হাসান খসরু এফসিএ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সংগ্রাম এবং বাংলাদেশের স্বাধীনতায় তার মহান অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে লাল-সবুজের পতাকা পেয়েছি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ও দূরদর্শী নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে, টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে দেশকে উন্নয়নের মহাসড়েকে নিয়ে যাওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আইসিএবির ভাইস প্রেসিডেন্ট মারিয়া হাওলাদার এফসিএ বলেন, আমাদের মাথাপিছু আয় এখন ২ হাজার মার্কিন ডলার, বৈদেশিক মুদ্রার রির্জাভ ৪১ দশমিক ৯ বিলিয়ন ডলার, যা পাকিস্তানের তুলনায় প্রায় দ্বিগুণ। দক্ষিণ এশিয়া তো বটেই, গোটা বিশ্বেই জিডিপির প্রবৃদ্ধি অর্জনের দিক থেকে বাংলাদেশ এখন এক ঈর্ষণীয় নাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আইসিএবির ভাইস প্রেসিডেন্ট মো. আবদুল কাদের জোয়াদ্দার এফসিএ, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শুভাশীষ বসু ও আইসিএবির ঢাকা রিজিওনাল কমিটির সেক্রেটারি এ কে এইচ হাসিব সওদাগর।