সাতক্ষীরায় চেতনানাশক স্প্রে করে লুটপাট

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় ঘরে চেতনানাশক স্প্রে করে একই পরিবারের ছয় সদস্যকে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার ভোর রাতে সাতক্ষীরা পৌর শহরের বাগানবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় ঐ পরিবারের ছয় জনকে সাতক্ষীরা সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি ব্যক্তিরা হলেন সাতক্ষীরা পৌর শহরের বাগানবাড়ী এলাকার মো. ফজলে রহমান (৫০), তার স্ত্রী মোছা. রহিমা খাতুন (৪২), ছেলে মো. পারভেজ রহমান (২৩), মেয়ে ফারিয়া খাতুন (১১), ফজলে রহমানের বড় বোন মেল্লেকপাড়া গ্রামের মো. আব্দুস সবুরের স্ত্রী মোছা. নুরজাহান বেগম (৬৫) ও নুরজাহানের নাতনি বাটকেখালী এলাকার রমজান আলীর মেয়ে নিশি (২২)।

স্থানীয় পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন মিলন জানান, শনিবার ভোর রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ইটভাটা মালিক বাগানবাড়ী এলাকার ফজলে রহমানের বাড়ির দোতলার সিঁড়ির ঘরের দরজা দিয়ে প্রবেশ করে। তারা কয়েকটি রুমে চেতনানাশক স্প্রে করে। ঘরের সবাই অচেতন হয়ে পড়লে জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা ঘরে ঢুকে বাড়ির সর্বস্ব লুট করে নিয়ে যায়। ফজলে রহমানের বড় ছেলে জাহিদ জানান, দেবহাটা কুলিয়া এলাকায় জাহিদ ব্রিকস নামের তাদের একটি ইটভাটা রয়েছে। ব্যাংক বন্ধ থাকায় গত দুই দিনের ইট বিক্রির টাকা বাবা বাড়িতে নিয়ে রেখেছিলেন। একই সঙ্গে মা ও বোনের গহনা ছিল বাড়িতে। তবে কী পরিমাণ স্বর্ণ ও নগদ টাকা লুট হয়েছে তার বাবা ছাড়া এই মুহূর্তে কেউ বলতে পারবে না। সদর থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।