নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
নাসিরনগর উপজেলা সদরে শনিবার থেকে টিসিবির পণ্যসামগ্রী বিক্রি শুরু হয়েছে। সকাল ৯টা থেকে নাসিরনগর সরকারি কলেজ প্রাঙ্গণে টিসিবির পণ্য বিক্রয় কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ডা. রাফিউদ্দিন আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী। এ সময় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিজানুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সকাল থেকে টিসিবির চিনি, মসুর ডাল, সয়াবিন তেল ও পোঁয়াজ কিনতে কলেজ চত্বরে স্থানীয় নারী-পুরুষদের লাইন ধরে ভিড় করতে দেখা গেছে। টিসিবির ডিলার মেসার্স লায়েছ উদ্দিন এন্টারপ্রাইজের প্রোপাইটর লায়েছ উদ্দিন জানান, নির্ধারিত মূল্যে পেঁয়াজ প্রতি কেজি ২০ টাকা, চিনি প্রতি কেজি ৫০ টাকা, মসুর ডাল প্রতি কেজি ৫৫ টাকা এবং সয়াবিন তেল প্রতি লিটার ৯০ টাকা দরে বিক্রি করছেন। তবে যে পরিমাণ পণ্য বরাদ্দ দেওয়া হয় তা দিয়ে নাসিরনগরের মানুষকে পোষানো সম্ভব নয়। চাহিদার তুলনায় ক্রেতা বেশি। তাই পণ্যের চাহিদা বাড়ানোর দাবি জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী জানান, টিসিবির পণ্য সঠিকভাবে সরকার নির্ধারিত মূল্যে সামাজিক দূরত্ব বজায় রেখে বিক্রি করা হচ্ছে। রমজান মাস পর্যন্ত এ কর্মসূচি চলবে। এ উপজেলায় পণ্যের চাহিদা বাড়ানো জরুরি।