বগুড়ায় অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই

শেরপুর (বগুড়া) সংবাদদাতা

বগুড়ার শেরপুরে শালফা বাজারের একটি মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে।  আগুনে মার্কেটের চার দোকান ভস্মীভূত হয়। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের শালফা বাজারের হারেজ উদ্দিন মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রতন হোসেন বলেন, ‘বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। মার্কেটের চারটি দোকানঘর ও মালামাল পুড়ে যায়।’