রাজশাহীতে বড় ভাই খুন, ছোট ভাই পলাতক

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের হাড়ুপুরে বড় ভাইয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর ছোট ভাই পালিয়েছে। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। শনিবার বেলা ১১টার দিকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত সাকিব হোসেন (১৮) হাড়ুপুর এলাকার হেলিন ড্রাইভারের ছেলে। হেলিনের ছোট ছেলে শাকিল হোসেন বড় ভাই সাকিবকে হত্যা করে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিয়াডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার উত্পল কুমার চৌধুরী জানান, শুক্রবার রাতে শাকিল ও সাকিব দুই ভাই তাদের বাড়িতে একই কক্ষে ঘুমিয়েছিল। পরে সকালে দরজা খুলে দেখে ঘরের মধ্যে সাকিবের গলাকাটা লাশ পড়ে আছে কিন্তু শাকিল নাই। এতে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, ভাই সাকিবকে গলা কেটে হত্যা করে শাকিল পালিয়ে গেছে। পরে পুলিশ সাকিবের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। এ ঘটনায় কাশিয়াডাঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে।