সাঁথিয়ায় সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা গ্রেফতার ৮

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা

সাঁথিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা হয়েছে। গত শুক্র ও শনিবার দুই দিনে পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি ইউপি সদস্য তাজমুলসহ আট জনকে গ্রেফতার করেছে।

এলাকা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধোপাদহ ইউনিয়নের দয়রামপুর গ্রামে স্থানীয় ইউপি সদস্য তাজমুল গ্রুপ ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এনামুল কবির শশির গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। এ সময় প্রতিপক্ষ নাজির উদ্দিনকে (৪০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। তাকে সাঁথিয়া হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। নাজির উদ্দিন দয়রামপুর গ্রামের মৃত ইলবাজের ছেলে। এ ঘটনায় আরো পাঁচ-সাত জন আহত হয়। ঘটনার পর নিহতের স্ত্রী বৈশাখী খাতুন বাদী হয়ে রাতে সাঁথিয়া থানায় মামলা করেন।

সাঁথিয়া থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম জানান, দুই পক্ষের সংঘর্ষে একজন নিহতের ঘটনায় মামলা হয়েছে। ইতিমধ্যে আট আসামিকে গ্রেফতার করেছি।