স্পোর্টস রিপোর্টার
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের টেস্ট বাদ দিয়ে আইপিএলে খেলার জন্য আবেদন করে ছুটি পেয়েছিলেন সাকিব আল হাসান। আইপিএলে খেলার ছাড়পত্র পেলেও এ সিদ্ধান্তে বেশ সমালোচিত হয়েছিলেন তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্র থাকাকালীন বিসিবি, বিসিবির পরিচালকদের নিয়ে বিষোদগার করে আরেকদফা বিতর্কের মুখে পড়েন এ বাঁহাতি অলরাউন্ডার। তার আইপিএল খেলার ছাড়পত্র আটকে দেওয়ার ইঙ্গিতও দিয়েছিল বিসিবি। অবশ্য শেষ পর্যন্ত ঐ পথে হাঁটেনি বিসিবি।
আইপিএলের ১৪তম আসরে খেলতে গতকাল নীরবেই দেশ ছেড়েছেন সাকিব। সকাল ১০টার ফ্লাইটে উড়াল দিয়েছেন তিনি। এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলবেন তিনি। আইপিএল শুরু হবে ৯ এপ্রিল।
মুম্বাইয়ে পৌঁছে সাত দিনের কোয়ারেন্টাইনে থাকবেন সাকিব। তারপর দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারবেন। এরই মধ্যে মুম্বাইয়ে কেকেআরের টিম হোটেলে উঠতে শুরু করেছেন ক্রিকেটাররা। ক্যারিবিয়ান দুই ক্রিকেটার আন্দ্রে রাসেল, সুনীল নারিনরা চলে এসেছেন। গতকাল তাদের সঙ্গে যোগ দেন সাকিব। আগামী ১১ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে কেকেআর।
গত ২২ মার্চ যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে ঢাকায় দুদিন অনুশীলন করেছেন সাকিব। তবে এ সময় সচেতনভাবেই গণমাধ্যম এড়িয়ে গেছেন তিনি।