টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা
টঙ্গীতে নির্মাণধীন একটি তিনতলা ভবন হেলে পড়েছে। শুক্রবার গভীর রাতে গাজীপুর সিটি করপোরেশনের এরশাদনগর সাড়ে ৮ নম্বর ব্লকে এ ঘটনা ঘটে। রাতেই টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, ‘টঙ্গী এরশাদ নগর এলাকায় নির্মাণধীন তিনতলা ভবনের পাশ দিয়ে ড্রেন নির্মাণের কাজ চলছে। ড্রেনের মাটি খনন করার সময় ঐ ভবনের নিচ থেকে মাটি সরে যায়, এতে ভবনটি একপাশে হেলে পড়ে। এ ছাড়া পরিকল্পিতভাবে ভবনটি নির্মাণ করা হয়নি ফলে তা হেলে পড়েছে। খবর পেয়ে রাতেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভবনটি যে কোনো সময় ধসে পড়তে পারে, তাই ভবনটির মালিককে ভেঙে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে।’