ডিএনডির বক্স চ্যানেল নির্মাণ শেষ
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
সিদ্ধিরগঞ্জের শিমরাইলে ডেমরা-আদমজী ইপিজেড-নারায়ণগঞ্জ সড়কের মাটির নিচে বক্স চ্যানেল নির্মাণ শেষে সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার ডিএনডির নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসানূত তাকবিম চৌধুরী ফিতা কেটে এর উদ্বোধন করেন। এ সময় প্রজেক্ট কর্মকর্তা ক্যাপ্টেন মো. হাসিব উদ্দিন ও অন্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
গত জুন মাসে ডিএনডির শিমরাইল পাম্পের পানি নিষ্কাশনের জন্য ব্যস্ততম এই সড়কের মাটির নিচে বক্স চ্যানেল নির্মাণকাজ শুরু হয়। এই বক্স চ্যানেল দিয়ে পানি শীতলক্ষ্যা নদীতে যাবে। প্রায় ১০ মাস রাস্তার এই অংশটি বন্ধ থাকায় যানবাহন ও জনসাধারণকে হাঁটাচলার বিকল্প রাস্তায় চলাচল করতে হয়। এতে সাধারণ যাত্রীদের সময় ও অর্থের অপচয়সহ নানা ভোগান্তি পোহাতে হয়েছে।
তাকবিম চৌধুরী জানান, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সময়ে সড়কটি চালু করতে পেরে আমরা আনন্দিত। ডিএনডির উন্নয়ন কাজের জন্য ডিএনডিবাসীকে একটু কষ্ট করতে হবে। বিভিন্ন পয়েন্টে বাঁধ দিয়ে কালভার্ট নির্মাণ হচ্ছে। আগামী বর্ষার আগেই সব বাঁধ কেটে দেওয়া হবে। তিনি ডিএনডিবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান। কারণ ডিএনডি খালগুলো পরিষ্কার করার পরও সেখানে লোকজন ময়লা আর্বজনা ফেলছে।