ব্রাজিলে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড

করোনা

ভারতে পাঁচ মাসের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত

 বিবিসি, রয়টার্স ও আলজাজিরা

করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় বড় অগ্রগতির আশা নিয়ে বিশ্ব জুড়ে টিকাদান কর্মসূচি চলার মধ্যেই বিভিন্ন দেশে মহামারি পরিস্থিতি ফের আতঙ্ক সৃষ্টি করছে। ব্রাজিল শুক্রবার এক দিনেই রেকর্ড ৩ হাজার ৬৫০ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এদিকে ভারতে ২৪ ঘণ্টায় নতুন ৬২ হাজার ২৫৮ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে বলে শনিবার সকালে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। গত বছরের ১৬ অক্টোবরের পর পাঁচ মাসে দেশটিতে এক দিনে আর কখনোই এত রোগী মেলেনি।

কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃত্যু বিবেচনায় বিশ্বের দেশগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিল মঙ্গলবারও এক দিনে ৩ হাজার ২৫১ জনের মৃত্যু দেখেছিল। করোনা ভাইরাস এ পর্যন্ত দেশটির ৩ লাখ ৭ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। শুক্রবার নতুন ৮৪ হাজার ২৪৫ জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়ায় দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২৪ লাখ ছাড়িয়ে যায়। আগের দিন বৃহস্পতিবারই লাতিন আমেরিকার  দেশটিতে রেকর্ড ১ লাখ ১৫৮ নতুন রোগী শনাক্ত হয়েছিল। বৃহস্পতিবার পর্যন্ত ব্রাজিল ১ কোটি ৮৫ লাখ মানুষকে কোভিড-১৯ টিকা দিয়েছে। এর মধ্যে ১ কোটি ৪০ লাখেরও বেশি নাগরিককে দেওয়া হয়েছে প্রথম ডোজ ; বাকিরা দুটি ডোজই পেয়েছেন।

২০২০ সালের ৩০ জানুয়ারি প্রথম রোগী শনাক্ত হওয়ার পর এখন পর্যন্ত দেশটিতে সরকারি হিসাবেই শনাক্ত রোগী ১ কোটি ১৯ লাখ ছাড়িয়ে গেল। এখন পর্যন্ত এর চেয়ে বেশি রোগী কেবল যুক্তরাষ্ট্র ও ব্রাজিলেই  শনাক্ত হয়েছে। নতুন ২৯১ জন নিয়ে ভারতে করোনা ভাইরাসে মৃতের সংখ্যাও দাঁড়িয়েছে ১ লাখ ৬১ হাজার ২৪০ এ। শনাক্ত রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ায় দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে রবিবার থেকে রাত্রিকালীন কারফিউ বলবত্ হতে যাচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি। মেক্সিকোতেও সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। দুই দিন আগেই দেশটি ২ লাখ মৃত্যুর দুঃখজনক মাইলফলক অতিক্রম করেছে। সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন অঞ্চল ফের লকডাউনসহ নানান বিধিনিষেধ আরোপের পথে হাঁটছে।