ভেনিজুয়েলার প্রেসিডেন্টের পেইজ স্থগিত করল ফেসবুক

রয়টার্স

করোনা ভাইরাস নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর একটি পেইজ স্থগিত করেছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুকের এক মুখপাত্র গতকাল জানান, প্রাণঘাতী এই ভাইরাসটি থেকে রক্ষায় মাদুরো কোনো প্রমাণ ছাড়াই একটি ওষুধের কথা বলেছেন। এ কারণে তার ফেসবুক পেইজটি স্থগিত করা হয়েছে।

গত জানুয়ারিতে ক্যারভ্যাটিভির নামে একটি ওষুধের কথা বলেন মাদুরো। এই ‘অলৌকিক’ চিকিত্সা করোনাকে নিষ্ক্রিয় করে বলে দাবি করেন তিনি। যদিও চিকিত্সকরা বলছেন, মাদুরোর এই দাবির পেছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। মাদুরোর একটি ভিডিও ফেসবুক সরিয়ে নিয়েছে যেখানে তিনি এই ওষুধের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। ভিডিওতে তিনি দাবি করেন, এই ওষুধ ‘এমন কিছু যা করোনা প্রতিরোধে কিংবা নিরাময়ে নিশ্চয়তা দেয়। ফেসবুকের মুখপাত্র বলেন, ‘আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতি অনুসরণ করছি যাতে বলা হয়েছে, এ মুহূর্তে করোনা প্রতিকারের কোনো ওষুধ নেই। আমাদের নীতিমালা বারবার ভঙ্গ করার কারণে আমরা পেইজটি ৩০ দিনের জন্য স্থগিত করে রেখেছি। এ সময়ে এটি শুধু পড়া যাবে।’ তবে মাদুরোর ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট ফেসবুকের এই পদক্ষেপের আওতায় পড়বে না।