মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভরত লোকজনকে ‘মাথায় ও পিঠে’ গুলি করার হুমকি দিয়েছিল জান্তা। কিন্তু মৃত্যুর ঝুঁকি উপেক্ষা করে গতকাল হাজারে হাজারে মানুষ রাজপথে বিক্ষোভে নামে। সামরিক জান্তার সশস্ত্র বাহিনী দিবস উদ্যাপনের মধ্যেই মিয়ানমারজুড়ে নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত ৯০ বিক্ষোভকারী নিহত হয়েছে। শনিবার ইয়াংগন, মান্দালয়সহ বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসার পর নিরাপত্তা বাহিনী তাদের ওপর চড়াও হয়।
জানা গেছে, ইয়াংগনে দালা শহরতলীর একটি থানার বাইরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনী গুলিবর্ষণ করে। এতে অন্তত চার জন নিহত ও ১০ জন আহত হয়। বাণিজ্যিক এ রাজধানীর উত্তর দিকের জেলা ইনসেইনে একটি বিক্ষোভে অংশ নেওয়া তিন জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে স্থানীয় একটি অনূর্ধ্ব-২১ ফুটবল দলের এক খেলোয়াড়ও আছে। স্থানীয় গণমাধ্যমগুলো মিয়ানমারের পূর্বাঞ্চলীয় শহর লাসিওতে তিন এবং ইয়াংগনের কাছে বাগো অঞ্চলে চার জন নিহত হয়েছে বলে জানায়। উত্তরপূর্বাঞ্চলীয় হোপিন শহরেও এক বিক্ষোভকারী নিহত হয়েছে।
মান্দালয়ে বিভিন্ন ঘটনায় ১৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে মিয়ানমার নাও। নিহতদের মধ্যে পাঁচ বছরের কম বয়সের একটি শিশুও রয়েছে। রক্ত ঝরেছে মান্দালয়ের কাছে অবস্থিত সাগাইং এলাকাসহও আরো কিছু অঞ্চলে। সব মিলিয়ে এদিন সারা দেশে অন্তত ৯০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে মিয়ানমার নাও। তবে মৃত্যুর সংখ্যা নির্ভরযোগ্য কোনো পক্ষ থেকে যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বিক্ষোভকারীরা শনিবার ‘সশস্ত্র বাহিনীর জন্য লজ্জা দিবস’ বলে উল্লেখ করেছে।
শনিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে রাজধানী নেপিডোতে সামরিক কুচকাওয়াজে সভাপতিত্ব করার পর মিয়ানমারের শীর্ষ জেনারেল মিন অং হ্লাং নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। যদিও কত দিনের মধ্যে তিনি এ প্রতিশ্রুতি পূরণ করবেন, তার সময়সীমা বলেননি।
বিবিসি জানায়, সশস্ত্র বাহিনী দিবস দিবসকে সামনে রেখে আগেই বিশাল বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিলেন মিয়ানমারের গণতন্ত্রকামী আন্দোলনকারীরা। তবে সেই আন্দোলনে অংশ নিলে মাথা ও পিঠে গুলি করা হতে পারে বলে শুক্রবার রাতে হুঁশিয়ারি দেয় জান্তা সরকার। মিয়ানমারের রাষ্ট্রপরিচালিত এমআরটিভি নিউজ চ্যানেলে সম্প্র্রচারিত এক ঘোষণায় বলা হয়, আগের জঘন্য মৃত্যুগুলোর ট্র্যাজেডি থেকে শিক্ষা নেওয়া উচিত। এর পরও পূর্বনির্ধারিত ঘোষণা অনুসারে শনিবার রাস্তায় নামে বিক্ষোভকারীরা।