মহামারি করোনাভাইরাস নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ভেরিফাইড পেজ স্থগিত করেছে ফেসবুক কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
ফেসবুকের এক মুখপাত্র জানান, কোনো প্রমাণ ছাড়াই মাদুরো একটি ওষুধের কথা উল্লেখ করেছেন যার মাধ্যমে করোনাভাইরাসের প্রতিকার করা হয় বলে দাবি করেছেন তিনি।
জানা যায়, গত জানুয়ারিতে থাইম থেকে বানানো ক্যারভ্যাটিভির নামে এক ওষুধের উল্লেখ করেছেন মাদুরো। এই ‘অলৌকিক’ চিকিৎসা করোনাভাইরাসকে নিষ্ক্রিয় করে বলে দাবি করেন তিনি। যদিও চিকিৎসকরা বলছেন, মাদুরোর এই দাবির পেছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।
ভিডিওতে মাদুরো দাবি করেন, এই ওষুধ ‘এমন কিছু যা করোনাভাইরাস প্রতিরোধের নিশ্চয়তা দেয় অথবা করোনাভাইরাস নিরাময়ের নিশ্চয়তা দেয়।’
এর প্রেক্ষিতে ফেসবুকের মুখপাত্র বলেন, ‘আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতি অনুসরণ করছি যাতে বলা হয়েছে, এ মুহূর্তে করোনাভাইরাস প্রতিকারের কোনো ওষুধ নেই। আমাদের নীতিমালা বারবার ভঙ্গ করার কারণে আমরা পেজটি ৩০ দিনের জন্য স্থগিত করে রেখেছি। এ সময়ে এটি শুধু পড়া যাবে।’
তবে মাদুররোর ফেসবুক পেজ বন্ধ হলেও ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট এই পদক্ষেপের আওতায় পড়বে না। এ বিষয়ে ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয় তাৎক্ষনিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
ইত্তেফাক/টিআর