ভারত থেকে কেনা টিকা যথাসময়ে আসবে, আশাবাদ রাষ্ট্রপতির

উপহার হিসেবে বাংলাদেশকে ভারতের দেওয়া করোনা ভাইরাসের টিকার জন্য ধন্যবাদ জানিয়ে সে দেশ থেকে কেনা টিকাগুলোও যথাসময়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল শনিবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্গভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করতে গেলে তিনি এ প্রত্যাশার কথা তুলে ধরেন।

সন্ধ্যা ৭টায় মোদি বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। পরে ক্রেডেনশিয়াল হলে বৈঠক করেন তারা। সাক্ষাত্ শেষে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন ভারতের প্রধানমন্ত্রী।

করোনা মহামারির মধ্যে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ায় নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, এই সফর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ‘যুগান্তকারী মাইলফলক’ হিসেবে থাকবে।

বঙ্গবন্ধুকে গান্ধী শান্তি পুরস্কার দেওয়ায় ভারতের সরকার ও জনগণকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বিশ্ব মানবতা ও নিপীড়িত জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর আজীবন সংগ্রামের প্রতি শ্রদ্ধাস্বরূপ এই পুরস্কার। মহান মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতা ও সমর্থনের জন্য ভারতের সরকার ও জনগণকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান আবদুল হামিদ। এসময়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা সেখানে উপস্থিত ছিলেন।