রাজধানীতে ছাত্রদল- যুবদলের বিক্ষোভ গাড়ি ভাঙচুর

২৬ মার্চ স্বাধীনতা দিবসে দেশের কয়েকটি স্থানে পুলিশ ও সরকারদলীয় সংগঠনের হামলা, গুলিবর্ষণ ও লোকজন হতাহত হওয়ার ঘটনার প্রতিবাদে রাজধানীতে গতকাল শনিবার বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের নেতা-কর্মীরা। এ সময় তারা ১৫টিরও বেশি গাড়ি ভাঙচুর করে। রাজধানীর সাইন্সল্যাবরেটরি ও ঝিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে। রাজধানীর ল্যাবএইড হাসপাতালের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঝিগাতলা এলাকায় শেষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের একটি মিছিল সাইন্সল্যাবের দিকে যায়। সেখানে কোনো ধরনের বাধা ছাড়াই বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে মিছিলটি ঝিগাতলা এলাকায় যেতে আরো কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এসময় আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সদস্যরা তাদের কোনো রকম বাধা দেয়নি। তবে গাড়ি ভাঙচুরের বিষয়টি অস্বীকার করে ধানমন্ডি থানার ওসি মো. ইকরাম আলী মিয়া বলেন, সাইন্সল্যাব এলাকায় কোনো ধরনের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেনি। এখানে ১৫ থেকে ২০ জন লোক জড়ো হয়ে মিছিল করছিল। পুলিশ অবস্থান নিলে সেখান থেকে তারা সরে যায়।

এছাড়া ঢাকার ধোলাইখাল, মালিবাগ এলাকায় যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদল বিক্ষোভ মিছিল করে। উল্লেখ্য, শুক্রবার রাতে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের এই সম্মিলিত প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।