রূপগঞ্জে সন্ত্রাসী হামলায় কলেজ ছাত্র নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসী হামলায় সাদিকুল ইসলাম রিয়ন (১৭) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। সাদিকুল উপজেলার উত্তর ব্রাক্ষ্মণখালী এলাকার বাসিন্দা ও কা. ন. সলিমউদ্দিন চৌধুরী কলেজের একাদশ শ্রেণির ছাত্র। 

এছাড়া এ হামলায় আহত হয়েছেন সাদিকুলের পিতা জহিরুল ইসলাম কচি (৩৮), মা জোসনা বেগম (৩২), ছয় মাস বয়সের ছোট বোন নুসরাত ও চাচা শাহিদুল ইসলাম (৩২)। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার (২৭ মার্চ) বিকেলে সাদিকুল ইসলাম রিয়নের অসুস্থ ছোট বোন নুসরাতকে নিয়ে তার পিতা জহিরুল ইসলাম কচি ও মাতা জোসনা বেগম ভুলতা হাসপাতালে যাওয়ার পথে পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা রামদা, চাপাতি সহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় তাদের সঙ্গে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এক পর্যায়ে তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। 

এ ব্যাপারে নিহত সাদিকুল ইসলাম রিয়নের চাচা সানোয়ার ইসলাম বাদী হয়ে নয় জনকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ওসি মহসিনুল কাদির বলেন, এ ঘটনায় হত্যা মামলা রুজু করা হয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

ইত্তেফাক/এসজেড