ইন্দোনেশিয়ার ম্যাকাসর শহরের একটি ক্যাথলিক গির্জার বাইরে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। রবিবারের (২৮ মার্চ) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। বোমা হামলার ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের পবিত্র ইস্টারের প্রথম দিনে গির্জার ভেতর একটি ধর্মসভা চলছিল। এ সময় দুইজন অজ্ঞাত ব্যক্তি গির্জায় প্রবেশের চেষ্টা করে। তাই এই আত্মঘাতী হামলা চালিয়েছে বলে ধারণা করছে পুলিশ।
বিস্ফোরণের পর ঘটনাস্থলে মোটরসাইলেকের ধ্বংসাবশেষ ও মানুষের বিচ্ছিন্ন অঙ্গ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ঘটনাস্থলে পাওয়া মানুষের দেহের বিচ্ছিন্ন অঙ্গগুলো আত্মঘাতী হামলাকারীর। তবে সেগুলো ওই আক্রমণকারীর কিনা সে ব্যাপারে নিশ্চিত কিছু জানানো হয়নি।
স্থানীয় পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, কর্তৃপক্ষ হামলকারীদের ব্যাপারে খোঁজ নিচ্ছে। তাদের জঙ্গি সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। সম্প্রতি সন্দেহভাজন জঙ্গিদের গ্রেফতারের সঙ্গে এর সম্পর্ক রয়েছে কিনা সে বিষয়টি মাথায় রাখা হয়েছে।
তবে হামলার কারণ জানা যায়নি। সংবাদমাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা গেছে, ভবনের কাছাকাছি থাকা গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ এলাকা ঘিরে রেখেছে।
ইত্তেফাক/জেডএইচডি